আমন ধান উৎপাদনের মৌসুমে সার ও ডিজেলের সংকট এবং বিদ্যুতের অব্যাহত লোডশেডিং বন্ধের দাবিতে আগামী ৭ থেকে ২১ সেপ্টেম্বর দেশব্যাপী ‘দাবি পক্ষ’ পালন করবে জাতীয় কৃষক-খেতমজুর সমিতি।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে যশোরে সংগঠনটির জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তসলিম-উর-রহমান, জেলা নেতা আব্দুর সবুর, শাহাবুদ্দিন বাটুল, সাধন বিশ্বাস, পলাশ বিশ্বাস, সুমন করসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ বলেন, আমন মৌসুমের শুরু থেকেই কৃষকরা সার সংকটে ভুগছেন। এর সঙ্গে ডিজেলের সংকট ও বিদ্যুতের লোডশেডিং যুক্ত হয়ে কৃষকদের দুর্ভোগ আরও বাড়িয়েছে। সার বিতরণে ডিলার পর্যায়ে অনিয়ম ও কৃত্রিম সংকটের অভিযোগ তুলে তারা প্রকৃত কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।
কর্মসূচির অংশ হিসেবে যশোরের বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে পথসভা, মিছিল, সভা-সমাবেশ এবং বিভিন্ন হাট-বাজারে হাটসভা করা হবে। আগামী ২১ সেপ্টেম্বর কৃষকদের দাবিসংবলিত স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে দেওয়া হবে।
নেতৃবৃন্দ কৃষি উৎপাদন নির্বিঘ্ন রাখতে দ্রুত সার ও ডিজেলের সংকট নিরসন এবং বিদ্যুতের লোডশেডিং বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

