সাগরে এক টানেই উঠল শত মণ ইলিশ, ৩৩ লাখে বিক্রি – দৈনিক আজাদী

সাগরে এক টানেই উঠল শত মণ ইলিশ, ৩৩ লাখে বিক্রি – দৈনিক আজাদী





কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগরে এক জেলের জালে এক টানেই উঠেছে শত মণ ইলিশ। পরে সেগুলো ৩৩ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। গতকাল রোববার ভোরে উপজেলার শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার আবুল কালামের মালিকাধীন ‘এফবি দ্বীপ’ নামের ট্রলারের জেলেরা মাছগুলো ধরেন। বিকাল ৪টায় শাহ পরীর দ্বীপ জেটি ঘাটের একটি মৎস্য আড়তে নিলামের মাধ্যমে মাছগুলো বিক্রি হয়। মণপ্রতি প্রায় ৩৩ হাজার টাকায় মাছ কিনেছেন ব্যবসায়ী ফারুক। খবর বিডিনিউজের।

জেলে নুরুল ইসলাম মাঝি বলেন, শুক্রবার সকালে তারা ১৫ জেলে ট্রলার নিয়ে সেন্ট মার্টিন সংলগ্ন সাগরে মাছ শিকারে যান। প্রথম দিকে মাছ পাননি। রোববার ভোরে তাদের জালে প্রায় ১০১ মণের মত ইলিশ ধরা পড়ে। দীর্ঘদিন পরে জালে প্রচুর ইলিশ ধরা পড়ায় খুশি তারা। শাহ পরীর দ্বীপ ক্ষুদ্র মৎস্য সমিতির সভাপতি আবদুল গণি বলেন, ‘অনেক দিন ধরে সাগরে কম ইলিশ ধরা পড়ছে। সাগরে গেলে জেলেদের লোকসান গুনতে হচ্ছে। এর মধ্যে ভাল ইলিশ ধরা পড়ায় জেলেরা খুশি।’

টেকনাফ উপজেলার মৎস্য কর্মকর্তার প্রতিনিধি শহিদুল আলম বলেন, মাছ ও ইলিশের প্রজনন বাড়াতে ৬৫ দিন মাছ ধরা ও বিপণনে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এ ছাড়া ২০১১ সাল থেকে অক্টোবর মাসেও সাগরে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা মেনে চলতে হয় জেলেদের। মাছ ধরা বন্ধ থাকার কারণে ইলিশের প্রজনন ও আকৃতি বেড়েছে অনেক গুণ।




Explore More Districts