‘সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদ মুক্ত দেশকে ধরে রাখতে হবে’

‘সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদ মুক্ত দেশকে ধরে রাখতে হবে’

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সকাল ১০টায় শহরের ওয়াবদাগেট এলাকায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে র‍্যালিটি বের হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

র‍্যালিটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে শেষ হয়।

পরে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. আতিকুর রহমান।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন, চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম।

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা সরাসরি অংশগ্রহণ করেছেন, তাদের স্মৃতিকথা সংরক্ষণ করা প্রয়োজন। পরবর্তী সময়ে এসব তথ্যের ভিত্তিতে একটি বই প্রকাশ করা যেতে পারে। এ ক্ষেত্রে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো দ্বিতীয় স্বাধীনতা নয়। এটি ছিল সরকার পতনের আন্দোলন। দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই। যারা এ কথা বলবে, তারা ১৯৭১ সালের স্বাধীনতাকে স্বীকার করে না। আমরা যেকোনো মূল্যে তাদের প্রতিহত করব।’

সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, জুলাই আন্দোলনকে আমাদেরকে সব সময় ধারণ করতে হবে। কারণ এই আন্দোলনে সবাই অংশগ্রহণ করেছে। আর এই আন্দোলনের মাধ্যমে একটি ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়েছে। এই আন্দোলনের পূর্ব বাংলাদেশের মানুষের বিভিন্ন সংগ্রামের ইতিহাস রয়েছে। ওই ইতিহাসের সাথে ২৪ এর আন্দোলনে এর ইতিহাস ও যোগ হয়েছে।

তিনি বলেন, ছাত্র-জনতার এই ত্যাগকে আমরা দেশকে এগিয়ে নেয়ার মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদ মুক্ত এই দেশকে ধরে রাখতে হবে। কারণ এই দেশে যেন আর কখনো কেউ আধিপত্য বিস্তার না করতে পারে।

আলোচনা সভায় জুলাই আন্দোলনে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী তাদের আন্দোলনের সময়কার অভিজ্ঞতা ও স্মৃতিকথা তুলে ধরেন। 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: আশিক বিন রহিম
৫ আগস্ট ২০২৬

Explore More Districts