
ঢাকা, ৪ এপ্রিল – যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় সারা দেশে সন্ধ্যা ৬টার মধ্যে দোকান ও শপিং মল বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত অব্যাহত থাকছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, বর্তমান প্রেক্ষাপটে এই সময়সীমা পরিবর্তনের কোনো সুযোগ নেই।
শনিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে দোকান ও শপিং মল ব্যবসায়ী মালিক সমিতির নেতাদের সঙ্গে আয়োজিত এক বৈঠক শেষে মন্ত্রী এসব কথা জানান।
তিনি উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। বিদ্যুৎ সাশ্রয় এবং জাতীয় স্বার্থ রক্ষায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ব্যবসায়ীদের অবহিত করে তাদের সরকারের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান তিনি।
বৈঠক শেষে দোকান মালিক সমিতির পক্ষ থেকে সরকারের এই নির্দেশনার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করা হয়। সমিতির নেতারা বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান খোলা রাখার নির্দেশ মেনে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে আগামী দিনে পরিস্থিতি স্বাভাবিক হলে সময়সীমা পুনর্নির্ধারণের বিষয়ে পুনরায় আলোচনার জন্য তারা সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন।
এনএন/ ৪ এপ্রিল ২০২৬



