সন্ত্রাসী ডেভিড ইমন ৫ দিনের রিমান্ডে – দৈনিক আজাদী





ফটিকছড়ি থানার আরেক অস্ত্র মামলায় সন্ত্রাসী ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল চট্টগ্রামের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা আফরিন শুনানি শেষে তার এ রিমান্ড মঞ্জুর করেছেন। জেলা পুলিশের কোর্ট পরিদর্শক (প্রসিকিউশন) হাবিবুর রহমান দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশের পক্ষ থেকে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১২ আগস্ট হাটহাজারী থানার একটি চাঁদাবাজি মামলায় ডেভিডকে ৫ দিনের রিমান্ডে পাঠানো হয়েছিল।

তারও আগে গত ২ আগস্ট ফটিকছড়ি থানার অস্ত্র ও খুনের পৃথক দুটি মামলায় তার ৫ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। নামপরিচয় লুকিয়ে ‘মিরাজ’ সেজে ভারতে পালিয়ে যাওয়ার সময় গত ২৯ জুলাই যশোরের সীমান্ত এলাকা থেকে ৩ সহযোগীসহ গ্রেপ্তার হয় ইমন। পরে তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফটিকছড়ির কাঞ্চননগর এলাকা থেকে ৩টি অস্ত্র উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ফটিকছড়ি থানায় ৫ জনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। তারা হলেন, মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমন, মো. শামীম, মো. শাফায়েত হোসেন, আল ইসলাম আলিফ প্রকাশ তমাল ও মোট মিঠু প্রকাশ ধামা ইলিয়াস। ধামা ইলিয়াস আগে থেকে কারাগারে ছিলেন। তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মূলত সহযোগীসহ চট্টগ্রামজুড়ে ত্রাসের রাজত্ব কায়েমকারী ইমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।




Explore More Districts