সখীপুরে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালকের হাড়গোড় উদ্ধার – নিউজ টাঙ্গাইল | টাঙ্গাইলের খবর

সখীপুরে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালকের হাড়গোড় উদ্ধার – নিউজ টাঙ্গাইল | টাঙ্গাইলের খবর

‎এম সাাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যানসহ নিখোঁজ হওয়ার ২৪ দিন পর কিশোর অটোচালক মো. সবুজ মিয়ার (১৪) মরদেহের হাড়গোড় ও মাথার কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে পৌরসভার আন্ধি এলাকার একটি সেগুনবাগানের গভীর জঙ্গল থেকে এসব উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তার পরনের কাপড়, জুতা ও অন্যান্য আলামতও উদ্ধার করা হয়েছে।
‎
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতেই সবুজের মরদেহের হাড়গোড় উদ্ধার করা হয়। এর আগে নিখোঁজ হওয়ার পরদিনই টাঙ্গাইলের গোপালপুর উপজেলা থেকে তার চালানো অটোভ্যানটি উদ্ধার করা হয়েছিল।

‎গ্রেফতারকৃতরা হলেন, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার আবু হানিফের ছেলে হাবিবুর রহমান (৩৫) এবং টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা গ্রামের আক্তার হোসেনের ছেলে শাহিন মিয়া (৩৬)। গত সোমবার ( ১৯ অক্টোবর) রাতে টাঙ্গাইল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সহযোগিতায় সখীপুর থানা-পুলিশ তাঁদের গ্রেফতার করে। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার সকালে মরদেহের হাড়গোড় উদ্ধার করা হয়।

‎নিহত সবুজ মিয়া সখীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কলেজ মোড়-মিলপাড় এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া গ্রামে। তার বাবার নাম সিরাজ মিয়া। উদ্ধার করা জুতা ও কাপড়চোপড় দেখে বাবা সিরাজ মিয়া ছেলের মরদেহ শনাক্ত করেন।
‎
‎প্রসঙ্গত: গত ২৬ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে প্রতিদিনের মতো ভাড়ায় অটোভ্যান চালাতে বের হয় সবুজ। দুপুরে খাবার খেতে বাড়িতে না ফেরায় তার মা মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।
‎সবুজের বাবা সিরাজ মিয়া বলেন, ছেলেকে খুঁজে না পেয়ে প্রথম দিন থানায় গেলে পুলিশ সাধারণ ডায়েরি (জিডি) নেয়নি। পরদিন গোপালপুর থানার আওতাধীন কালীবাড়ী বাজার এলাকায় ছেলের অটোভ্যানটি পাওয়ার পর কয়েক ঘণ্টা অপেক্ষা করে সখীপুর থানায় জিডি করা হয়।
‎
‎সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম বলেন, আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে উপজেলার আন্ধি এলাকার গভীর জঙ্গল থেকে সবুজের হাড়গোড়, মাথার কঙ্কাল, জুতা ও গেঞ্জি উদ্ধার করা হয়েছে। উদ্ধারের সময় সখীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মামুনুর রশিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেনসহ পুলিশ ও এসআরবির সদস্যরা উপস্থিত ছিলেন।
‎
‎

Explore More Districts