সখীপুরের তাহমিনা তমা ঘাটাইল উপজেলায় মানবিক বিভাগে প্রথম স্থান ও শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত – News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরের তাহমিনা তমা ঘাটাইল উপজেলায় মানবিক বিভাগে প্রথম স্থান ও শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত – News Tangail | নিউজ টাঙ্গাইল

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার কুতুবপুর গ্রামের সৌদি প্রবাসী মো. রফিকুল ইসলাম ও মোছা. হোসনেয়ারা দম্পতির তিন কন্যার মধ্যে দ্বিতীয় সন্তান তাহমিনা তমা ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ঘাটাইল উপজেলায় মানবিক বিভাগে প্রথম স্থান অর্জন করে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।
কৃতি শিক্ষার্থী তাহমিনা তমা মূলত রফিকরাজু ক্যাডেট স্কুল, বড়চওনা শাখার শিক্ষার্থী। তবে রেজিস্ট্রেশনজনিত কারণে তিনি ঘাটাইল উপজেলার সাগরদিঘী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
এর আগে তাহমিনা তমা রফিকরাজু ক্যাডেট স্কুল, বড়চওনা শাখা থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছিলেন।
তাহমিনা তমার এই গৌরবময় সাফল্যের পেছনে রয়েছে তাঁর কঠোর পরিশ্রম, বাবা-মায়ের সার্বিক সহযোগিতা এবং রফিকরাজু ক্যাডেট স্কুল, বড়চওনা শাখার মেধাবী শিক্ষকদের অক্লান্ত প্রচেষ্টা ও সঠিক দিকনির্দেশনা।
তাহমিনা তমার মা মোছা. হোসনেয়ারা জানান, তাঁর মেয়ে ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ও অধ্যবসায়ী। মেয়ের এই অসাধারণ অর্জনে তিনি একজন মা হিসেবে গর্বিত ও আনন্দিত। তিনি সবার কাছে মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া কামনা করেন এবং বিএ অনার্সে অধ্যয়নরত বড় মেয়ে তানজিনা তন্নী ও ছোট মেয়ে তাহসিনা তোয়ার উজ্জ্বল ভবিষ্যত কামনায় সকলের নিকট দোয়া কামনা করেন। পাশাপাশি তিনি আরও বলেন,রফিকরাজু ক্যাডেট স্কুল,বড়চওনা শাখার শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও মানসম্মত শিক্ষাদানের ফলেই তাহমিনা এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।

রফিকরাজু ক্যাডেট স্কুল, বড়চওনা শাখার পরিচালক মো. শামীম আল মামুন বলেন, “তাহমিনা তমার শিক্ষাজীবনের সূচনা আমাদের প্রতিষ্ঠান থেকেই। এখান থেকেই সে পিইসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে। রেজিস্ট্রেশনজনিত কারণে সে সাগরদিঘী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। ঘাটাইল উপজেলা প্রশাসন কৃতি শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন করায় আমি উপজেলা প্রশাসনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি আরও বলেন, “তাহমিনা তমার এই গৌরবময় অর্জনে আমি একজন শিক্ষক হিসেবে অত্যন্ত গর্বিত। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং দোয়া করি, সে যেন জীবনে আরও অনেক বড় হয় এবং বাবা-মায়ের মুখ উজ্জ্বল করে।”
এ সময় তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “যারা বড়চওনা এলাকায় তাঁদের সন্তানকে একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করানোর কথা ভাবছেন, তারা ভর্তি করার আগে অন্তত একবার রফিকরাজু ক্যাডেট স্কুল, বড়চওনা শাখা ঘুরে দেখুন। আমাদের শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও শিক্ষকদের পাঠদান পর্যবেক্ষণ করুন। সবকিছু ভালো মনে হলে তবেই আপনার সন্তানকে ভর্তি করুন। আমাদের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা।”

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts