মন্ত্রিসভার বৈঠকে পুঁজিবাজার ও বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থায় দক্ষ জনবল নিয়োগের পথ সুগম করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা–সংক্রান্ত শর্ত বিলুপ্ত করা হয়েছে।
বিএসইসি আইন, ১৯৯৩ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ সংশোধনের মাধ্যমে এই বয়সসীমার বাধা দূর করা হয়েছে। এর আগে এই বয়সসীমা যথাক্রমে ৬৫ ও ৬৭ বছর ছিল। মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও নেপালের মতো এশীয় দেশগুলোর অভিজ্ঞতার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে আন্তর্জাতিক পরিমণ্ডলের সঙ্গে মিল রেখে ‘জাতীয় চা দিবস’ পালনের তারিখ সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সঙ্গে সংগতি রেখে এখন থেকে বাংলাদেশে ৪ জুনের পরিবর্তে প্রতিবছর ২১ মে ‘জাতীয় চা দিবস’ পালিত হবে। ভারত, চীন, শ্রীলঙ্কাসহ বিশ্বের প্রধান চা উৎপাদনকারী দেশগুলো এই দিনে আন্তর্জাতিক চা দিবস পালন করে থাকে।
