ষড়যন্ত্র ও নৈরাজ্য করে সরকারকে পেছনে ফেলা যাবে না: প্রতিমন্ত্রী অমিত

ষড়যন্ত্র ও নৈরাজ্য করে সরকারকে পেছনে ফেলা যাবে না: প্রতিমন্ত্রী অমিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জনগণের প্রত্যক্ষ ও পরোক্ষ ম্যান্ডেট নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। জনগণের ভোট ও সমর্থনে গঠিত সরকারকে হুমকি, ষড়যন্ত্র কিংবা নৈরাজ্য সৃষ্টি করে পেছনে ঠেলে দেওয়া সম্ভব নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে কচুয়া, নরেন্দ্রপুর ও বসুন্দিয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সমাবেশের আয়োজন করেন।

সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সাহস থাকলে সামনে এসে মোকাবিলা করুন। ষড়যন্ত্র, সন্ত্রাস কিংবা নৈরাজ্য সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হলে বিএনপি তার জবাব দিতে প্রস্তুত রয়েছে। দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে কেউ পার পাবে না। জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, যারা পরিকল্পিতভাবে সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ ক্ষতির কারণ। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জনগণের কাছে দেওয়া অঙ্গীকার পূরণে সরকার ধাপে ধাপে কাজ করছে। রাতারাতি সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। তবে পরিকল্পিতভাবে প্রতিটি ক্ষেত্রে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। দেশের উন্নয়ন ও মানুষের জীবনমানের উন্নয়নে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে।

নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম।

এ সময় বিএনপি নেতা মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও আশরাফুজ্জামান মিঠু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সল, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হাসানুর রহমান শাকিল, বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান খান, কচুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান খান এবং নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ রাসেলসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশ সঞ্চালনা করেন নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার ও সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির।

Explore More Districts