মশিক মিয়া
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পারিবারিক বিরোধের জেরে ছেলের হাতে বৃদ্ধ পিতাকে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। একই ঘটনায় বড় ভাই গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন মরহুম আসকর মিয়ার ছেলে মো. আকল মিয়া (৮৮)। গুরুতর আহত হয়েছেন তাঁর বড় ছেলে যুবলীগ নেতা শহিদুর রহমান শহিদ (৪৭)।
স্থানীয় ইউপি সদস্য মো. আওলাদ হোসেন জানান, মশিক মিয়া (৩৫) তার দুই শিশু সন্তানকে মারধর করছিলেন। এ সময় তার পিতা আকল মিয়া নাতিদের রক্ষায় বাধা দিলে পিতা-পুত্রের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে মশিক মিয়া তার হাতে থাকা ছুরি দিয়ে পিতার ডান পাঁজরের নিচে আঘাত করেন, এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
এ সময় বড় ভাই শহিদুর রহমান শহিদ এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় অভিযুক্ত। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত শহিদুর রহমানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মশিক মিয়াকে নিজ এলাকার একটি পাহাড়ে আত্মগোপনে থাকা অবস্থায় স্থানীয়দের সহায়তায় গ্রেফতার করে।
পুলিশ জানায়, ঘটনার পেছনের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তের বিরুদ্ধে হত্যা মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ধরনের পারিবারিক সহিংসতা রোধে সকলকে সচেতন হওয়ারও আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

