| ২৯ March ২০২৬ Sunday ৯:০৯:৫৯ PM | |
নগর প্রতিনিধি:

শ্রমিকদের টানা আন্দোলন ও দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস কর্তৃপক্ষ চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহার করেছে। একই সঙ্গে শ্রমিকদের বিভিন্ন দাবির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) বিকাল ৩টায় প্রতিষ্ঠানটির কনফারেন্স রুমে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে এক ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে মালিকপক্ষের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সাব্বির, শ্রমিকপক্ষ ও কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক মো. শাহাবুদ্দিন, ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের সভাপতি জাকির ও সাধারণ সম্পাদক ইমরান উপস্থিত ছিলেন। এছাড়া সংগ্রাম পরিষদের উপদেষ্টা ও বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা দপ্তর সম্পাদক শহিদুল ইসলামসহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ বৈঠকে অংশ নেন।
বৈঠকে ছাঁটাই হওয়া চার শ্রমিককে পুনর্বহাল করার সিদ্ধান্ত হয়। পাশাপাশি আগামী জুলাই মাসের মধ্যে সকল শ্রমিককে নিয়োগপত্র প্রদান, আগামী ৩১ মার্চের মধ্যে সকল শ্রমিককে ন্যূনতম ১০ শতাংশ বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) এবং ২০২৭ সালের প্রথমার্ধের মধ্যে ২০২৬ সালের মজুরি গেজেট বাস্তবায়নের বিষয়ে সমঝোতা হয়।
ত্রিপক্ষীয় বৈঠক শেষে সন্ধ্যায় ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শ্রমিক নেতারা জানান, দাবি আদায়ে আংশিক সফল হওয়ায় আপাতত চলমান কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে ভবিষ্যতে কোনো প্রতিশ্রুতি বাস্তবায়নে গড়িমসি হলে পুনরায় আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

