শোবিজ ছাড়ার ঘোষণা দিলেন অভিনেত্রী নওবা তাহিয়া – DesheBideshe

শোবিজ ছাড়ার ঘোষণা দিলেন অভিনেত্রী নওবা তাহিয়া – DesheBideshe

শোবিজ ছাড়ার ঘোষণা দিলেন অভিনেত্রী নওবা তাহিয়া – DesheBideshe

ঢাকা, ৫ ফেব্রুয়ারি – তরুণ অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন শোবিজ অঙ্গন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান।

ফেসবুক পোস্টে নওবা তাহিয়া লেখেন, মিডিয়ায় চারটি সুন্দর বছর কাটানোর পর তিনি এখানেই থামার সিদ্ধান্ত নিয়েছেন। এই পথচলা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ছিল, আর এর জন্য তিনি আজীবন কৃতজ্ঞ থাকবেন।

তিনি বলেন, এই সময়টায় তিনি তার দ্বীনের ভেতরে, নিজের ভেতরে এবং শেখার প্রক্রিয়ার মধ্যে শান্তি খুঁজে পাচ্ছেন। যাদের সঙ্গে থাকলে ঘরের মতো অনুভূতি হয়, তাদের সঙ্গেই তিনি স্বস্তি অনুভব করছেন। পড়াশোনা ও ব্যক্তিগত উন্নতিতে মনোযোগ দেওয়াকেই তিনি এখন জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত মনে করছেন।

নওবা তাহিয়া আরও জানান, এখন থেকে তার আর কোনো নতুন কাজ আসবে না—নাটক, টিভিসি বা ওটিটি প্ল্যাটফর্মে কোনো কাজই নয়। আগে করা কিছু কাজ সামনে প্রকাশ পেতে পারে, তবে সেগুলোর সঙ্গে তিনি আর যুক্ত থাকবেন না।

সবশেষে তিনি জানান, এতদিন ধরে যারা তাকে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, হৃদয়ের গভীর থেকে তিনি তাদের প্রতি কৃতজ্ঞ।

নওবা তাহিয়া হোসাইন ছোটবেলায় বিটিভিতে শিশুদের অনুষ্ঠান ‘কাননে কুসুম কলি’-এর উপস্থাপনা করতেন। পাশাপাশি তিনি আবৃত্তিও করতেন।

বড় হওয়ার পর ঘটনাক্রমে তাকেই আবার একই অনুষ্ঠানের উপস্থাপনা করতে হয়।

তার উপস্থাপনার শৈল্পিকতার কারণে পরবর্তীতে তিনি বিটিভির সাপ্তাহিক নাটক ‘ফেরার গল্প’-এ বর্ষা চরিত্রে অভিনয় করার সুযোগ পান। এই নাটকে তিনিই ছিলেন প্রধান চরিত্র। কাজী নূরুল হুদা জাহাঙ্গীরের রচনা ও সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় নির্মিত নাটকটি প্রচারের পর নবাগত অভিনেত্রী হিসেবে তিনি বেশ আলোচনায় আসেন।

এর পর থেকে বিভিন্ন প্ল্যাটফর্মে নিজের অভিনয় দিয়ে দর্শকের মন জয় করে আসছিলেন নওবা তাহিয়া।

এনএন/ ৫ ফেব্রুয়ারি ২০২৬



Explore More Districts