শেবাচিমহা’র সেই সাহসী ওয়ার্ড মাস্টারকে পুরস্কৃত করলেন পরিচালক

শেবাচিমহা’র সেই সাহসী ওয়ার্ড মাস্টারকে পুরস্কৃত করলেন পরিচালক

১ April ২০২৬ Wednesday ৯:৩৪:০০ PM

Print this E-mail this


শেবাচিমহা’র সেই সাহসী ওয়ার্ড মাস্টারকে পুরস্কৃত করলেন পরিচালক

সৈয়দ মুন্নাঃ জীবনের ঝুঁকি নিয়ে আগুন নিয়ন্ত্রণে নিতে গিয়ে মৃত্যুর মুখোমুখি হওয়া সেই শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার জুয়েল চন্দ্র শীল কে পুরস্কৃত করেছেন শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর।

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় জীবন ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করা স্টাফ ও আনসার সদস্যদের সম্মাননা প্রদান করা হয়েছে। মানবিকতা, সাহসিকতা ও দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় তাদের এই স্বীকৃতি দেওয়া হয়।

বুধবার (১ লা এপ্রিল) সকাল ১১টায় হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে ১১ জন আহত স্টাফ, আনসার সদস্য এবং ফায়ার সার্ভিস কর্মকর্তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর।

এ সময় পরিচালক ওয়ার্ড মাস্টার জুয়েল চন্দ্র শীল এর সাহসীকতাপূর্ণ কাজের ভূয়সী প্রশংসা করেন এবং তা অন্যান্য মেডিকেল স্টাফদের জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপপরিচালক একে এম নাজমুল হোসেন সহ আরো অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মাহমুদ হাসান। অনুষ্ঠানে হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেন, “যারা ভালো কাজ করেন, তাদের কাজের যথাযথ মূল্যায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে তারা ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে উৎসাহিত হন। আমরা হাসপাতালের ভেতরে একটি ইতিবাচক ও প্রণোদনামূলক পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে ভালো কাজের স্বীকৃতি নিশ্চিত করা হবে।”

তিনি আরও বলেন, “গত ১৭ মার্চ রাতে হাসপাতালের বহির্বিভাগ ভবনে অগ্নিকাণ্ডের সময় যে সাহসিকতা ও দায়িত্ববোধের পরিচয় দেওয়া হয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। রোগীদের জীবন রক্ষায় নিজেদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে কাজ করেছেন স্টাফ, আনসার সদস্য এবং ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের এই আত্মত্যাগ কখনোই ভোলার নয়।”

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন বলেন, “অতীতে হাসপাতালের অগ্নিকাণ্ডের ঘটনায় দায়িত্ব পালন করলেও এভাবে সম্মাননা পাওয়ার সুযোগ হয়নি। বর্তমান পরিচালকের এই উদ্যোগ সংশ্লিষ্ট সবার মধ্যে নতুন করে উদ্দীপনা সৃষ্টি করবে।”

তিনি আরও জানান, “হাসপাতালের স্টাফদের অগ্নি নির্বাপণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য ফায়ার সার্ভিসকে ইতোমধ্যে অনুরোধ জানানো হয়েছে। শিগগিরই এ সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে বলে আশা প্রকাশ করি।”

অনুষ্ঠানে সম্মাননা গ্রহণ করেন বরিশাল ফায়ার সার্ভিসের পক্ষে সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন। হাসপাতালের ওয়ার্ড মাস্টার জুয়েল চন্দ্র শীল, লিফট অপারেটর ছায়েদ মিয়া এবং আনসার সদস্য রাকেশ সরকার, আল আমিন গাজী, মো. রাকিবুল, রুবেল দে, মো. রাজিব, কিশোর অধিকারী, মো. নাজমুল ও সম্রাট ভক্ত সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।

উল্লেখ্য, গত ১৭ মার্চ রাতে শেবাচিম হাসপাতালের বহির্বিভাগ (ওপিডি) ভবনের পঞ্চম তলায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় দ্রুত পদক্ষেপ নিয়ে রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন অন্তত ৮ জন আনসার সদস্যসহ ওয়ার্ড মাস্টার কয়েকজন হাসপাতাল স্টাফ। এই ঘটনার পর তাদের সাহসিকতা, মানবিকতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি দিতেই এই সম্মাননা প্রদান করা হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও ভালো কাজ করতে সংশ্লিষ্টদের অনুপ্রাণিত করবে এবং জরুরী পরিস্থিতি মোকাবেলায় দক্ষতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts