শিশুকে যৌন হয়রানি: রাজশাহীতে জামায়াত নেতা বহিষ্কৃত – DesheBideshe

শিশুকে যৌন হয়রানি: রাজশাহীতে জামায়াত নেতা বহিষ্কৃত – DesheBideshe



শিশুকে যৌন হয়রানি: রাজশাহীতে জামায়াত নেতা বহিষ্কৃত – DesheBideshe

রাজশাহী, ৩ আগস্ট – রাজশাহীর পবা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াতে ইসলামীর রুকন ওমর ফারুককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত ওমর ফারুক পাকারমাথা গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন গ্রাম্য চিকিৎসক।

তিনি উপজেলার বড়গাছি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জামায়াত কর্মী হিসেবে দায়িত্বরত ছিলেন। পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় ওমর ফারুককে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

গত শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ওমর ফারুক ফার্মেসি পরিচালনার পাশাপাশি স্ত্রীকে নিয়ে বাড়িতেই শিশুদের প্রাইভেট পড়াতেন। গত ১২ জুলাই প্রতিদিনের মতো ওই শিশুটি তার কাছে পড়তে যায়।

সে সময় অন্য শিক্ষার্থীদের কৌশলে বিদায় করে দিয়ে ওমর ফারুক শিশুটিকে যৌন হয়রানি করেন। পরবর্তীতে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের কাছে ঘটনার বর্ণনা দিলে বিষয়টি জানাজানি হয়।

এ বিষয়ে বড়গাছি ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রহমান মিলন জানান, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার পর ওমর ফারুককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। নৈতিক স্খলনের কারণে দলীয় সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

এস এম/ ৩ আগস্ট ২০২৬



Explore More Districts