
নিউ দিল্লি, ১৬ ফেব্রুয়ারি – ‘পাঠান’ ও ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির সাফল্যের পর স্পাই ইউনিভার্স নিয়ে বড় পরিকল্পনা ছিল যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার। বলিউড সুপারস্টার শাহরুখ খান ও সালমান খানকে নিয়ে ‘টাইগার ভার্সেস পাঠান’ নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন তিনি।
পর্দায় এই দুই মহাতারকার দ্বৈরথ বক্স অফিসে ঝড় তুলবে এমনটাই ধারণা ছিল সবার। তবে ৩০০ কোটি রুপির সেই স্বপ্নের প্রজেক্ট আপাতত থমকে গেছে। সূত্র মারফত জানা গেছে, প্রি-প্রোডাকশন ধাপেই সিনেমাটি বড় ধরনের বাজেট জটিলতায় পড়েছে। যশরাজ ফিল্মস তাদের এই উচ্চাকাঙ্ক্ষী প্রজেক্টকে সাময়িক বিরতিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সিনেমার বাজেট ‘পাঠান’ বা ‘টাইগার ৩’ এর চেয়েও অনেক বেশি হওয়ার কথা ছিল।
শাহরুখ ও সালমানের মতো শীর্ষ তারকার পারিশ্রমিক বাবদ বড় অংকের অর্থ ব্যয়ের বিষয়টি সামনে এসেছে। এর সঙ্গে আন্তর্জাতিক লোকেশন, উন্নত মানের ভিএফএক্স এবং অ্যাকশন দৃশ্যের খরচ মিলিয়ে বাজেট আকাশচুম্বী হয়ে যাচ্ছে। বর্তমান বাজার পরিস্থিতিতে এত বিশাল লগ্নির ঝুঁকি নিতে চাইছে না প্রযোজনা সংস্থা। ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন খরচ বৃদ্ধি এবং বক্স অফিসের অনিশ্চয়তার কারণে স্টুডিওগুলো এখন অনেক বেশি সতর্ক। তবে প্রকল্পটি পুরোপুরি বাতিল করা হয়নি, বরং স্থগিত রাখা হয়েছে বলে শোনা যাচ্ছে। এই খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকের মতে, দুই খানকে একসঙ্গে দেখার সুযোগ হারানো দর্শকদের জন্য হতাশার হবে। তবে বাজার পরিস্থিতি অনুকূলে এলে আবারও এই প্রজেক্ট আলোর মুখ দেখতে পারে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
এস এম/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬



