হামের লক্ষণ নিয়ে শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় পাঠানো হলে এক শিশুর মৃত্যু হয়। আজ সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংক্রামক ব্যাধি হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে রোববার তাকে সেখানে ভর্তি করা হয়েছিল।
মারা যাওয়া মালিহা শরীয়তপুরের জাজিরা উপজেলার দিকে নগর মাদবরকান্দি গ্রামের মনির হোসেনের মেয়ে। শরীয়তপুরের সিভিল সার্জন রেহান উদ্দিন মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। এ নিয়ে গত ৯ দিনে শরীয়তপুরের তিন শিশুর মৃত্যু হলো বলে জানান তিনি।
এদিকে আজ শরীয়তপুর সদর হাসপাতালে হামের লক্ষণ নিয়ে দুই তরুণ ভর্তি হয়েছেন। তাঁদের হাসপাতালের তৃতীয় তলায় আলাদা একটি কক্ষে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা ওই দুই তরুণের নমুনা সংগ্রহ করে ঢাকায় নিয়ে গেছেন।

