লোহাগাড়ায় শিব্বির আহমেদ হাসান (৩৪) নামে এক মাদরাসা শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলা সদরের আলুরঘাট রোডস্থ টিএন্ডটি অফিসের পশ্চিম পাশে নিশান প্লাজার ৫ম তলায় এক বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিক্ষক সিলেটের হবিগঞ্জ জেলার কদুপাড়ার ছালেহ আহমদের পুত্র।
স্থানীয়রা জানান, ভবনের বাসা ভাড়া নিয়ে তালিমুল কোরআন ওয়াসসুন্নাহ মাদরাসা নামে একটি প্রতিষ্ঠান পরিচালিত হয়ে আসছে। পাশের আরেকটি বাসায় মাদ্রাসা শিক্ষক হাসান পরিবার নিয়ে বসবাস করতেন।
খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করেছে। অতিরিক্ত পুলিশ সুপার জানান, সুরতহাল লিপিবদ্ধ শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।





