
বৈরুত, ৯ মার্চ – যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডব্লিউ জানিয়েছে, দক্ষিণ লেবাননের আবাসিক এলাকায় ইসরায়েলি বাহিনীর সাদা ফসফরাস ব্যবহার আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
সোমবার প্রকাশিত এক নতুন প্রতিবেদনে সংস্থাটি এই দাবি করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এইচআরডব্লিউ এমন সাতটি ছবির সত্যতা যাচাই করেছে যেখানে দেখা যায়, গত ৩ মার্চ দক্ষিণ লেবাননের ইয়োহমোর এলাকার আবাসিক ভবনে সাদা ফসফরাস নিক্ষেপ করা হয়েছে। এর ফলে অন্তত দুটি বসতবাড়িতে আগুন ধরে যাওয়ার প্রমাণ মিলেছে।
হিউম্যান রাইটস ওয়াচের লেবাননবিষয়ক গবেষক রামজি কাইস জানান, আবাসিক এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর এই ধরনের রাসায়নিক ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং চরম উদ্বেগজনক। এর ফলে সাধারণ মানুষ ভয়ানক ক্ষতির সম্মুখীন হবে।
সাদা ফসফরাস একটি অত্যন্ত দাহ্য রাসায়নিক পদার্থ, যা অক্সিজেনের সংস্পর্শে আসামাত্রই জ্বলে ওঠে। এটি বাড়িঘর, কৃষিজমি এবং অন্যান্য সাধারণ জিনিসপত্র পুড়িয়ে ছাই করে দিতে সক্ষম। জনবহুল এলাকায় এ ধরনের রাসায়নিকের ব্যবহার সম্পূর্ণ অযৌক্তিক।
আন্তর্জাতিক মানবিক আইনে বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে, যা এক্ষেত্রে লঙ্ঘিত হয়েছে।
সংস্থাটি জানায়, ইয়োহমোরের জনবহুল স্থানে অবৈধভাবে সাদা ফসফরাস ব্যবহারের ফলে বাড়িঘর এবং অন্যান্য বেসামরিক স্থাপনায় আগুন ছড়িয়ে পড়ে।
এইচআরডব্লিউ গত ৩ মার্চ সকালে লেবাননের সংবাদমাধ্যমে প্রকাশিত একটি ছবির সত্যতা এবং অবস্থান নিশ্চিত করেছে। পাশাপাশি ইয়োহমোরের ইসলামিক হেলথ কমিটির বেসামরিক প্রতিরক্ষা দলের প্রকাশ করা ছবিও যাচাই করেছে সংস্থাটি। সেসব ছবিতে উদ্ধারকর্মীদের আবাসিক ভবনের ছাদ এবং একটি গাড়িতে লাগা আগুন নেভানোর চেষ্টা করতে দেখা যায়।
এনএন/ ৯ মার্চ ২০২৬



