লাল-সবুজ জার্সিতে প্রথম বছর শেষে গর্বিত হামজা চৌধুরী – DesheBideshe

লাল-সবুজ জার্সিতে প্রথম বছর শেষে গর্বিত হামজা চৌধুরী – DesheBideshe

লাল-সবুজ জার্সিতে প্রথম বছর শেষে গর্বিত হামজা চৌধুরী – DesheBideshe

ঢাকা, ৩ এপ্রিল – সিঙ্গাপুরের বিপক্ষে ২০২৭ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে এক বছর পূর্ণ করেছেন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিস্টার সিটির এই ফুটবলার মায়ের সূত্রে বাংলাদেশের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেন।

ইংল্যান্ডের শীর্ষ পর্যায়ের এই খেলোয়াড়কে ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের মনে ব্যাপক রোমাঞ্চ তৈরি হয়েছিল। বাংলাদেশি পাসপোর্ট হাতে পাওয়ার পর লাল-সবুজ জার্সিতে তিনি নিয়মিত মুখ হয়ে ওঠেন।

গত মার্চে ভারতের বিপক্ষে প্রথমবার বাংলাদেশের হয়ে মাঠে নামেন হামজা। গত বারো মাসে দলের দশটি ম্যাচের মধ্যে নয়টিতেই তিনি খেলেছেন। চোটের কারণে কেবল নেপালের বিপক্ষে মাঠে নামতে পারেননি।

যে নয়টি ম্যাচ তিনি খেলেছেন তার প্রতিটিতেই পুরো নব্বই মিনিট মাঠে থেকেছেন এবং মোট চারটি গোল করেছেন। পুরো মাঠ নিজের নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি তিনি মুহুর্মুহু সুযোগ তৈরি করেছেন।

দলগতভাবে বাংলাদেশ খুব বড় কোনো সাফল্য না পেলেও ২০০০ সালের পর এই প্রথম এশিয়ান কাপ বাছাইপর্বে তলানিতে থেকে বিদায় নেয়নি। এই সময়ের মধ্যে দলের সবচেয়ে বড় অর্জন ছিল ২২ বছর পর ভারতকে ১-০ গোলে হারানো।

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ শেষে দলের অন্য খেলোয়াড়রা দেশে ফিরলেও হামজা ইংল্যান্ডে ফিরে যান। সেখানে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি নিজের প্রথম বছরের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি লেখেন গ্রুপ পর্বের শেষটা প্রত্যাশামাফিক না হলেও এক বছরে দলের অগ্রগতি নিয়ে তিনি বেশ গর্বিত।

এর আগে ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের হয়ে খেলার অভিজ্ঞতাকে তিনি অসাধারণ ও বিস্ময়কর বলে উল্লেখ করেন। বাছাইপর্বের হতাশা বাদ দিলে এটি তার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত বলে জানান এই তারকা ফুটবলার।

হামজা বিশ্বাস করেন এই অভিজ্ঞতা সবাইকে আরও শক্তিশালী করে তুলবে এবং ভবিষ্যতে দল হিসেবে তারা আগের চেয়ে আরও অনেক বেশি উন্নতি করবেন।

এনএন/ ৩ এপ্রিল ২০২৬



Explore More Districts