লাগেজে মদের বোতল: অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেন মেহজাবীন – DesheBideshe

লাগেজে মদের বোতল: অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেন মেহজাবীন – DesheBideshe

লাগেজে মদের বোতল: অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেন মেহজাবীন – DesheBideshe

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – লাগেজে মদের বোতল পাওয়ার অভিযোগ এবং তাকে কেন্দ্র করে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে এবার কঠোর অবস্থান নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতির মাধ্যমে তিনি জানান, সাম্প্রতিক এসব মানহানিকর প্রচারণার বিরুদ্ধে তিনি ইতোমধ্যে আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন।

মেহজাবীন চৌধুরী তার পোস্টে স্পষ্ট করে বলেন, তাকে নিয়ে যেসব তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, বিমানবন্দরে তাকে কখনোই আটকানো হয়নি এবং তার কোনো হ্যান্ডব্যাগ বা লাগেজ জব্দ করার ঘটনাও ঘটেনি। লাগেজে অবৈধ কিছু থাকার প্রশ্নই অবান্তর বলে মন্তব্য করেন এই অভিনেত্রী।

তিনি আরও উল্লেখ করেন, বিমানবন্দরের কোনো কর্মকর্তার তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়নি। এ ধরনের অভিযোগের সত্যতা প্রমাণে কোনো ছবি, ভিডিও বা দালিলিক প্রমাণ আছে কি না, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

অভিনেত্রী উদ্বেগ প্রকাশ করে বলেন, কোনো প্রমাণ ছাড়াই শুধুমাত্র ক্লিকবেইট তৈরির উদ্দেশ্যে তার ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

উল্লেখ্য, গত বছরের আগস্ট মাসে বিদেশ থেকে ঢাকায় ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মেহজাবীনকে আটক এবং তার লাগেজে মদের বোতল পাওয়ার অভিযোগ তুলে কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেসব প্রতিবেদনে তার সঙ্গে নির্মাতা আদনান আল রাজীব ও শঙ্খ দাসগুপ্তের উপস্থিতির কথাও উল্লেখ করা হয়। তবে মেহজাবীন শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

এনএন/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬



Explore More Districts