লাখাইয়ে ৫৩৩ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার – Habiganj News

লাখাইয়ে ৫৩৩ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার – Habiganj News

 

হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা সড়ক বাজার এলাকার গিরেন্দ্র মার্কেটের সামনে অভিযান চালিয়ে ৫৩৩টি ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় মাদক বিক্রির ১ হাজার ৫০০ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

 

আজ ৮ আগস্ট ভোর ৫টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদের দিকনির্দেশনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু কায়সারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি চালায়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রামের মৃত আজম আলীর ছেলে জুটন মিয়া (৩৮) এবং করাব ইউনিয়নের পূর্ব সিংহগ্রামের গাজন মিয়ার ছেলে নাঈম হোসেন আকাশ (২৮)।

 

পুলিশ জানায়, অভিযানে জুটন মিয়া ও নাঈম হোসেন আকাশকে আটক করার পর তাঁদের কাছ থেকে ৫৩৩টি ইয়াবা বড়ি, মাদক বিক্রির ১ হাজার ৫০০ টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

 

অভিযানে এসআই মানিক সাহা, এসআই মুন্না মিয়া, এএসআই আব্দুল হাকিম, এএসআই গোপাল আচার্য, এএসআই ফিরুজ মিয়া, এএসআই অরবিন্দুসহ পুলিশের সদস্যরা অংশ নেন।

 

লাখাই থানার পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো তদবির চলবে না।’

Explore More Districts