বিক্ষোভ নিয়ন্ত্রণে ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তকে ‘ইচ্ছাকৃতভাবে উসকানিমূলক’ বলে মন্তব্য করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম।
এদিকে লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন ব্যাস বলেছেন, প্রশাসনের উসকানিতে সৃষ্ট বিশৃঙ্খলার কারণে শহরে এই অস্থিরতা দেখা দিয়েছে।
ক্যারেন ব্যাস সাংবাদিকদের বলেন, সড়কে সাঁজোয়া যান নিয়ে অভিযান চালিয়ে ভয় সৃষ্টি করে আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়েছে।
আইসিইর অভিযানে এ সপ্তাহে লস অ্যাঞ্জেলেস থেকে ১১৮ জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করা হয়েছে। এর মধ্যে ৪৪ জন আটক হয়েছেন গত শুক্রবার।
অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে তল্লাশি অভিযানের জেরে টানা দুই দিন ধরে বিক্ষোভ–সংঘর্ষে উত্তাল হয়ে রয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহর। পরিস্থিতি নিয়ন্ত্রণে রোববার সেখানে দুই হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন করেন ট্রাম্প।


