
লন্ডন, ০৯ মার্চ – ব্রিটেনে আইন ভেঙে ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানানোর জন্য এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ওই ব্যক্তি শনিবার (৮ মার্চ) লন্ডনের ওয়েস্টমিনিস্টার প্যালেসে জনপ্রিয় পর্যটন স্পট বিগ বেনের এলিজাবেথ টাওয়ারের চূড়ায় উঠে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিতে থাকেন। ১৬ ঘণ্টা পর তাকে নামিয়ে এনে হেফাজতে নেওয়া হয়েছে বলে রবিবার (৯ মার্চ) জানিয়েছে লন্ডন পুলিশ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যমে বলা হয়, আটক ব্যক্তি বিগ বেনের চূড়া থেকে ফিলিস্তিনের একটি পতাকা ওড়াচ্ছিলেন এবং ‘ফিলিস্তিনকে মুক্ত করো’ বলে চিৎকার করছিলেন।
মেট্রোপলিটান পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ঝুঁকি হ্রাস করতে লন্ডন দমকল বাহিনীসহ অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে দ্রুত এই ঘটনাটির সমাধান করা হয়েছে।
স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি সহায়তা দল একটি ক্রেন ব্যবহার করে ওই ব্যক্তির সঙ্গে আলোচনা করে। এর আগে তিনি জানিয়েছেন, তিনি নিজের মর্জি মোতাবেক নিচে নামবেন।
এই ঘটনার কথা ছড়িয়ে পড়লে শনিবার সকালে ওয়েস্টমিনস্টার ব্রিজ বন্ধ রাখে কর্তৃপক্ষ। একইসঙ্গে পার্লামেন্টে দর্শনার্থী পরিদর্শনও বাতিল করা হয়। তবে পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির আটকের পর সব রাস্তা পুনরায় খুলে দেওয়া হয়েছে।
সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ০৯ মার্চ ২০২৫



