রৌমারী সংবাদদাতা
রৌমারী বাজারের ভয়াবহ অগ্নিকান্ডে ওষুধ ফার্মেসী, মোবাইল ও মনোহারি দোকান সহ সাতটি দোকান পুড়ে ছাই হয়েছে। অগ্নিকান্ডের খবর পেয়ে কর্তিমারী ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় দেড় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে বলে ব্যবসায়ীরা জানান। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটতে পারে বলে ফায়ার সার্ভিস’র পক্ষ থেকে জানানো হয়েছে। গত বৃহস্পতিবার ১২জুন ভোররাতে কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী বাজারে ভোলার মোড়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভোররাতে পথচারীরা সালমান মেডিকেল হল দোকান ঘর থেকে আগুনের লেলিহান দেখতে পান। পরে মানুষের চিৎকারে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। এমতাবস্থায় খবর পেয়ে কর্তিমারী ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে যান এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এরমধ্যেই আব্বাস আলীর ওষুধের দোকানের প্রায় ৯৫ লাখ, রুহুল আমিনের ওষুধের দোকানে ১৮ লাখ, ফজলুর রহমানের মনোহারি দোকানে ১৫ লাখ, আঃ রউফ মনোহারি দোকানে ৫ লাখ, নাহিদ হাসানের ফটোকপি ও কম্পিউটার দোকানে ৫ লাখ, আকবর আলীর মনোহারি দোকানে ১০ লাখ, সাজ্জাদ হোসেন বিদুতের মোবাইলের দোকানের ১৩ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে। সকালেই উপজেলা নির্বাহী অফিসার রৌমারী থানার অফিসার ইনচার্জ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। ক্ষতিগ্রস্ত সালমান মেডিকেল হল এর মালিক মো. আব্বাস আলী বলেন, আগুনে দোকানে থাকা সমস্ত ওষুধ, আসবাবপত্র, বাকির খাতাসহ সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। এতে আমার প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, এছাড়াও বিভিন্ন কোম্পানী আমার কাছ থেকে প্রাায় দশ লক্ষ টাকা পাবেন।
উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন বলেন, আগুনের বিষয়টি শোনার সাথে সাথে সরেজমিনে গিয়েছি। ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ক্ষতিগ্রস্থদের সহায়তা দেওয়ার চেষ্টা করবো।

