বিকেএসপিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৪৬ রানে হারিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৯৪ রান তোলে অগ্রণী ব্যাংক। ৮৫ বল খেলে দলের পক্ষে সর্বোচ্চ ৮৬ রান করেন অধিনায়ক ইমরুল কায়েস। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সাদমান ইসলাম থামেন ৬৬ বলে ৫৩ রান করে।
রান তাড়া করতে নেমে শাইনপুকুরের হয়ে একাই লড়েছেন রায়ান রাফসান রহমান। শেষের দিকে অবশ্য সঙ্গী হিসেবে পান মিনহাজুল আবেদীনকে। ১০৩ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পর দুজন মিলে গড়েন অবিচ্ছিন্ন ১৪৫ রানের জুটি।
কিন্তু ম্যাচটা জেতা হয়নি তাদের। রাফসান ১৩০ বলে অপরাজিত ১০৬ ও মিনহাজুল ৬১ বলে অপরাজিত ৫১ রান করলেও শাইনপুকুর পুরো ৫০ ওভার খেলে থেমে যায় ৫ উইকেটে ২৪৮ রান করে।
