
রাজবাড়ী বার্তা ডট কম ঃ
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ-এর রাজবাড়ী জেলা শাখার বহিষ্কৃত সাধারণ সম্পাদক জয়দেব কুমার কর্মকারের বিরুদ্ধে সংগঠনের পদবী ব্যবহার করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে কেন্দ্রীয় কমিটি, ঢাকায় লিখিত অভিযোগ পাঠিয়েছেন জেলা শাখার আহ্বায়ক ও সদস্য সচিব।
জানা গেছে, সংগঠনের কেন্দ্রীয় কমিটির গত ১৬ আগস্ট ২০২৩ তারিখের পত্রের আলোকে রাজবাড়ী জেলা শাখার পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সংগঠনের গঠনতন্ত্রের ১৩ ধারার অনুকূলে নির্মল কুমার চক্রবর্তীকে আহ্বায়ক এবং ডা. সমীর কুমার দাসকে সদস্য সচিব করে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়।
অভিযোগে বলা হয়, বহিষ্কৃত সাধারণ সম্পাদক জয়দেব কুমার কর্মকার এখনও নিজেকে জেলা শাখার সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে বিভিন্ন অনুষ্ঠানে চিঠিপত্র ইস্যু করছেন, যা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। আগামী ১৬ ফেব্রুয়ারি ২০২৬ থেকে তিন দিনব্যাপী খাগজানা রাধা গোবিন্দ জিউ মন্দিরে আয়োজিত কীর্তন অনুষ্ঠানের ক্ষেত্রেও তিনি একইভাবে সংগঠনের সাধারণ সম্পাদক পরিচয়ে চিঠি দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট চিঠির অনুলিপি কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হয়েছে বলেও জানানো হয়।
এ বিষয়ে প্রয়োজনীয় সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক শ্রী নির্মল কুমার চক্রবর্তী ও সদস্য সচিব ডা. সমীর কুমার দাস।
তবে অভিযোগের বিষয়ে জয়দেব কুমার কর্মকারের বক্তব্য পাওয়া যায়নি।


