
রাজবাড়ী বার্তা ডট কম ঃ
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং গণহত্যার বিচারের দাবিতে রাজবাড়ীতে বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ঘোষিত মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গতকাল ৪ জুলাই শনিবার বিকেল সাড়ে পাঁচটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
গণমিছিলটি শহরের ঐতিহাসিক আজাদী ময়দান থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ করে রেলগেট সংলগ্ন শহীদ স্মৃতি চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম।
এর আগে আজাদী ময়দানে এক সংক্ষিপ্ত মিছিল-পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা মোঃ আলীমুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম।
সমাবেশে ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—জেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ হাসমত আলী হাওলাদার, জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশীদ, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি আবু তাহের এম তানভীর, যুব মজলিশের সেক্রেটারি মোঃ আল আমীন, রাজবাড়ী জেলা এনসিপি জেলা সমন্বয়ক মোঃ আব্দুল্লাহ এবং খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা মোবারক হোসেনসহ জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় কর্মসূচি ও পরবর্তী আন্দোলন:
১১ দলীয় জোটের কেন্দ্রীয় রূপরেখা অনুযায়ী, ৪ জুলাইয়ের এই দেশব্যাপী গণমিছিল মূলত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঘোষিত বিশাল কর্মসূচির একটি অংশ। জোটের পক্ষ থেকে আগামী ৬ জুলাই সংসদে স্মারকলিপি প্রদান, ৮ জুলাই ঢাকার শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে জাতীয় সেমিনার, এবং পর্যায়ক্রমে দেশের বিভিন্ন বিভাগে সমাবেশসহ ৩১ জুলাই দেশব্যাপী দোয়া ও প্রার্থনার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এছাড়া আগামী ২২ আগস্ট ও ৫ সেপ্টেম্বর ‘লং মার্চ’ এবং ১০ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের মাধ্যমে আন্দোলন আরও বেগবান করার ঘোষণা দেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে এই কর্মসূচি সফল করতে সব শাখার নেতৃবৃন্দকে নির্দেশ দেওয়া হয়েছে।
সমাবেশের সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “সরকারকে দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। কোনো ধরনের টালবাহানা ছাড়া অবিলম্বে দেশের ৭০ ভাগ মানুষের রায় ও জনআকাঙ্ক্ষা দ্রুত বাস্তবায়ন করে গণমানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে। অন্যথায় এই সরকার যদি মনে করে আবার নতুন করে ফ্যাসিবাদের প্রতিষ্ঠা করবে, তাহলে সেটি হবে তাদের মস্ত বড় ভুল।”
তিনি আরও বলেন, “আমরা ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি—অনতিবিলম্বে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করুন। অন্যথায় জনগণের অধিকার আদায়ে ১১ দলীয় ঐক্য রাজপথে আরও তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।”
The post রাজবাড়ীতে ১১ দলীয় জোটের সমাবেশ ও গণমিছিল: ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি appeared first on রাজবাড়ী বার্তা.


