
রাজবাড়ী বার্তা ডট কম ঃ
রাজবাড়ীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক মতবিনিময় সভা শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে ড. রাশেদ আল মাহমুদ বলেন, আগামী ১৮ মাসের মধ্যে এক কোটি দক্ষ জনশক্তি তৈরি করার লক্ষ্য রয়েছে। দক্ষ জনশক্তি জাপানসহ বিভিন্ন দেশে রপ্তানির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে সরকার কাজ করছে। বর্তমান সরকার বিগত সরকারের মতো শুধু কথার বাগাড়ম্বর করতে বিশ্বাসী নয়। সরকার কথা ও কাজের সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে চায়।
তিনি বলেন, রাজবাড়ী জেলায় পেঁয়াজ ও পাট একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। উৎপাদনের দিক থেকে এ দুটি ফসল এ জেলায় বেশি হয়ে থাকে। দেশের প্রায় এক-তৃতীয়াংশ পেঁয়াজ রাজবাড়ীতে উৎপাদিত হয়। তাই এ ফসলের উৎপাদন আরও বাড়াতে কৃষি বিভাগকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সরকারের ১৮০ দিনের পরিকল্পনাকে প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তাদের গুরুত্ব দিতে হবে। এ পরিকল্পনা সম্পর্কে অবগত না থাকলে জেলার উন্নয়ন কার্যক্রম ব্যাহত হতে পারে।
সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুনুর রশিদ এমপি, রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ-বিপিএম-সেবা।
সভায় জেলার বিভিন্ন দপ্তরের নির্বাহী কর্মকর্তা, উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, প্রকৌশলীসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ড. রাশেদ আল মাহমুদ আরো বলেন, রাজবাড়ী জেলাকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে জেলার পাঁচটি উপজেলাকে আরও গতিশীল করতে হবে। একই সঙ্গে স্বাস্থ্যসেবা খাতকে শক্তিশালী করতে প্রয়োজনীয় লোকবল নিয়োগ এবং যান্ত্রিক সমস্যার সমাধানের মাধ্যমে স্বাস্থ্যব্যবস্থা উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।
জেলার পানির সমস্যার সমাধানে প্রয়োজন হলে পদ্মা নদীর পানি পরিশোধন করে বিশুদ্ধ পানীয় জল হিসেবে ব্যবহারের বিষয়টি নিশ্চিত করার কথাও বলেন তিনি।
প্রাথমিক শিক্ষায় “লার্নিং উইথ হ্যাপিনেস” কার্যক্রমকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি হাতে-কলমে শিক্ষা ও ভোকেশনাল শিক্ষাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
সবশেষে তিনি সরকারের ঘোষিত ১৮০ দিনের কর্মসূচিকে গুরুত্ব দিয়ে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
