
রাজবাড়ী বার্তা ডট কম ঃ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজবাড়ীতে দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে জেলার দায়িত্বপ্রাপ্ত নারী এমপির মানবিক সহায়তার অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) বিকেল ৪টার দিকে রাজবাড়ী সদর উপজেলা কনফারেন্স রুমে এ অর্থ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংরক্ষিত মহিলা আসন-৩৩৭ এর সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নারী বিভাগের সেক্রেটারী নুরুন্নিসা সিদ্দিকা-এর অনুকূলে বরাদ্দকৃত এ সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায়, জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট নুরুল ইসলাম এবং জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আলীমুজ্জামান, পৌর আমির হাফিজুর রহমানসহ অন্যান্যরা।
আয়োজক সূত্রে জানা যায়, রাজবাড়ী জেলার ৩১২ জন দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিভিন্ন অঙ্কে মোট ১০ লাখ টাকা ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। যার মধ্যে সদর উপজেলার ১৭৩ জন, গোয়ালন্দ উপজেলার ৬৪ জন, পাংশা উপজেলার ৩৫ জন, বালিয়াকান্দি উপজেলার ২০ জন এবং কালুখালী উপজেলার ২০ জন রয়েছে।
বক্তারা বলেন, ঈদ উপলক্ষে এ ধরনের মানবিক সহায়তা অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

