রাঙ্গুনিয়ায় নিখোঁজের একদিন পরে স্কুল ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার – News Tangail

রাঙ্গুনিয়ায় নিখোঁজের একদিন পরে স্কুল ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার – News Tangail

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা। রাঙ্গুনিয়ায় একদিন আগে নিখোঁজ হওয়া এক স্কুল ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার পারুয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড হাজারীহাটের পূর্ব পাশে হাজারী বিলের বাঙী ক্ষেত থেকে তার গলাকাটা নিথর দেহ উদ্ধার হয়। তার নাম মোহাম্মদ শাহেদ ইসলাম (১৭)। সে একই ইউনিয়নের পূর্ব সাহাব্দী নগর মহৎ পাড়া গ্রামের দুবাই প্রবাসী মোহাম্মদ আব্দুল মোনাফের ছেলে এবং পারুয়া সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্র। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

পরিবার জানান, গত সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে শাহেদ ইসলাম বাড়ি থেকে বের হন। এরপর থেকে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের পর থেকেই পরিবারটি চরম উৎকণ্ঠা, অনিশ্চয়তা ও গভীর দুশ্চিন্তার মধ্যে সময় কাটাচ্ছিল। একপর্যায়ে রাতেই রাঙ্গুনিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরই মধ্যে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে স্থানীয়রা বাড়ির পাশের বাঙী ক্ষেতে তার গলাকাটা লাশ দেখতে পায়।

প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা স্থানীয়দের। তবে কি কারণে কারা এই হত্যাকান্ড ঘটালো তা জানা যায়নি৷ তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন বলেন, “সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসছি । ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে মরদেহ শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা, অনেকেই কান্নায় ভেঙে পড়েন। এই নৃশংস ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। নিহত কিশোরের পরিবার দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts