পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, মো. মাসুদ মুদি মালামাল বিক্রি করতে প্রতি বৃহস্পতিবার কাপ্তাই থেকে বিলাইছড়ি যেতেন। সাধারণত শুক্রবার বিকেলে কিংবা শনিবার সকালে বাড়ি ফিরে আসতেন। গত বৃহস্পতিবারও একইভাবে তিনি বাড়ি থেকে বের হয়ে নৌকা নিয়ে বিলাইছড়ির উদ্দেশে রওনা দেন। তবে গতকাল সকালেও তিনি বাড়ি না ফেরায় স্বজনেরা তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। এর মধ্যে বিকেল চারটার দিকে গর্জনটিলা এলাকায় মাসুদের নৌকাটি ভাসতে দেখা যায়। এতে চাল, ডাল, ডিম, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন মালামাল ছিল।
মো. মাসুদের নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো শাহাবুদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, বিলাইছড়ি থেকে নৌকা নিয়ে কাপ্তাই জেটিঘাটে ফেরার পথে গর্জনটিলা এলাকায় তিনি নিখোঁজ হয়েছেন বলে ধারণা করা যাচ্ছে।

