রাঙামাটিকে ৫-১ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন টাঙ্গাইল – News Tangail | নিউজ টাঙ্গাইল

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল: আন্তঃবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতার শিরোপা জিতেছে টাঙ্গাইল। ফাইনালে রাঙামাটিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে টাঙ্গাইলের কিশোরী ফুটবলাররা। রানার্সআপ হয়েছে রাঙামাটি।

রোববার রাজধানীর ধানমন্ডিতে শহীদ রিয়া গোপ ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে টাঙ্গাইল। প্রথমার্ধেই একের পর এক পাঁচ গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় টাঙ্গাইলের মেয়েরা। দ্বিতীয়ার্ধে রাঙামাটি একটি গোল শোধ করলেও বড় ব্যবধানের হার এড়াতে পারেনি।

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় গত ৪ সেপ্টেম্বর শুরু হওয়া তিন দিনের এই প্রতিযোগিতায় দেশের আট বিভাগ থেকে ১৬টি জেলা দল অংশ নেয়। এতে প্রায় ৩০০ কিশোরী ফুটবলার অংশগ্রহণ করে।

ঢাকা বিভাগের হয়ে টাঙ্গাইল ছাড়াও কিশোরগঞ্জ ও নারায়ণগঞ্জ অংশ নেয় প্রতিযোগিতায়। চট্টগ্রাম বিভাগ থেকে অংশ নেয় রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম। এছাড়া দেশের অন্যান্য বিভাগের বিভিন্ন জেলা দলও অংশগ্রহণ করে।

ফাইনাল শেষে চ্যাম্পিয়ন টাঙ্গাইল ও রানার্সআপ রাঙামাটির খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। এ সময় বিভিন্ন ক্রীড়া ফেডারেশন ও সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে তাদের সুযোগ করে দিতে হবে। নারী ফুটবলারদের আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী সারওয়াত সিরাজ শুক্লা বলেন, প্রাইম মিনিস্টার্স কাপ ও নতুন কুঁড়ির ধারাবাহিকতায় এই অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহ দেওয়ার জন্য তিনি অভিভাবকদেরও ধন্যবাদ জানান।

টাঙ্গাইলের সন্তান হিসেবে চ্যাম্পিয়ন দলের প্রতি বিশেষ ভালোবাসার নিদর্শন হিসেবে টাঙ্গাইলের কিশোরী ফুটবলারদের ব্যক্তিগতভাবে ৫০ হাজার টাকা উপহার দেন সারওয়াত সিরাজ শুক্লা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts