রংপুরে চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেফতার
স্টাফ রিপোর্টার
রংপুরে চোরাই মোটরসাইকেল দুটি উদ্ধারসহ বাবা-ছেলে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ।বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রফিক।
গ্রেফতার ব্যক্তিরা হলেন পীরগঞ্জ থানার মকিমপুর এলাকার নুরুল ইসলামের ছেলে দুলাল মিয়া(৪০) ও তার ছেলে রাকিব মিয়া (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার তাজহাট থানা পুলিশ মিঠাপুকুর থানার বৈরাগীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এরমধ্যে নিবন্ধনকৃত ইয়াহামা ও নিবন্ধনবিহীন পালসার মোটরসাইকেল রয়েছে।
তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম রফিক জানান, গ্রেফতার ব্যক্তিদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং চোর চক্রের সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।


