
ঢাকা, ২২ ফেব্রুয়ারি – জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নিষিদ্ধ করা হয়েছে নারী ক্রিকেট দলের সাবেক ম্যানেজার ও নির্বাচক মঞ্জুরুল ইসলামকে। ভবিষ্যতে দেশের ক্রিকেটের কোনো দায়িত্বে তাকে আর দেখা যাবে না বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির একজন পরিচালক।
রোববার বিসিবির বোর্ড সভায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তদন্ত কমিটির প্রতিবেদনে জাহানারার অভিযোগের সত্যতা মেলার পর বোর্ড এই পদক্ষেপ গ্রহণ করে। যৌন হয়রানির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে বিসিবি একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছিল। দীর্ঘ পর্যবেক্ষণ শেষে কমিটি জাহানারার আনীত চারটি অভিযোগের মধ্যে দুটির সত্যতা পায়।
তদন্ত কমিটির সুপারিশ আমলে নিয়ে মঞ্জুরুলকে বাংলাদেশের অভ্যন্তরে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে তিনি চীনের নারী ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকলেও দেশে ফেরার পর কিংবা দেশের কোনো ঘরোয়া ক্রিকেটে তিনি আর কোনো ভূমিকা রাখতে পারবেন না।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছিল যে জাহানারার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বিশেষ করে সাবেক এই নির্বাচক ও ম্যানেজারের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির প্রমাণ মেলে।
তদন্ত কমিটি উল্লেখ করেছে যে মঞ্জুরুল ইসলামের কিছু কর্মকাণ্ড সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী অসদাচরণ এবং হয়রানির পর্যায়ে পড়ে।
এনএন/ ২২ ফেব্রুয়ারি ২০২৬




