যুবদল নেতা রুবেল হত্যা তিন এজাহারভুক্ত আসামি আটক, উদ্ধার হত্যায় ব্যবহৃত ৩ অস্ত্র

যশোরের বাঘারপাড়ায় বন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হাসান (৩৯) হত্যা মামলায় এজাহারভুক্ত তিন আসামিকে আটক করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাইনিজ কুড়াল, বার্মিজ চাকু ও ছোট আকৃতির চাপাতি উদ্ধার করা হয়েছে। হত অন্যতম কারণ হচ্ছে মসজিদের সভাপতি নিয়ে বিরোধ। আটক আসামিদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) খাজুরা ক্যাম্প পুলিশ ও যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। শনিবার বেলা সাড়ে ১২ টায় পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম।

পুলিশ জানায়, গত ১৩ জুলাই বাঘারপাড়া উপজেলার খাজুরা তেল পাম্পসংলগ্ন মহাসড়কে দুর্বৃত্তদের হামলায় রুবেল হাসান নিহত হন। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের পর জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।

অভিযানের প্রথম ধাপে মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি রাব্বি হোসেন (২০) ও ৪ নম্বর আসামি আসিফ হোসেন (২০)কে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার ২ নম্বর আসামি মারুফ হোসেন (২৩)কেও আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাইনিজ কুড়াল, একটি বার্মিজ চাকু ও একটি ছোট আকৃতির চাপাতি উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া আটক আসামি আসিফ হোসেন শুক্রবার সন্ধ্যার পর আদালতে হত্যাকাণ্ডের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম ।আজ অপর দুইজনকে আদালতে সোপর্দ করা হবে।

Explore More Districts