যুদ্ধ বন্ধে ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনায় ট্রাম্প প্রশাসন – DesheBideshe

যুদ্ধ বন্ধে ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনায় ট্রাম্প প্রশাসন – DesheBideshe



যুদ্ধ বন্ধে ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনায় ট্রাম্প প্রশাসন – DesheBideshe

ওয়াশিংটন, ২৮ এপ্রিল – যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া নতুন প্রস্তাব পর্যালোচনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। পর্যালোচনা শেষে ওয়াশিংটনের পক্ষ থেকে দ্রুতই এই প্রস্তাবের ওপর প্রতিক্রিয়া জানানো হবে বলে আশা করা হচ্ছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের মুখপাত্র এবং হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট সোমবার এক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান যে ইতিমধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং শিগগিরই প্রেসিডেন্ট নিজে এই বিষয়ে সরাসরি তথ্য প্রদান করবেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে স্থায়ীভাবে উত্তেজনা নিরসনে ইরান তিন স্তরের একটি নতুন প্রস্তাব উপস্থাপন করেছে।

ইরানি সূত্রগুলো জানিয়েছে যে প্রথম পর্যায়ে ইরান ও লেবাননে আগ্রাসী হামলা বন্ধের নিশ্চয়তা দিতে হবে। দ্বিতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনার সুযোগ রাখা হয়েছে। আর সব পক্ষ একমত হলে তৃতীয় পর্যায়ে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আলোচনার পথ খোলা থাকবে।

এর আগে গত ১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠক কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছিল। ওই সময় প্রতিনিধিরা কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হন। এরপর পাকিস্তানসহ বিভিন্ন দেশের মধ্যস্থতার আহ্বানে ইরান এই নতুন প্রস্তাব পেশ করল।

ইরানের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে পরবর্তী সংলাপের ভিত্তি হতে হবে এই নতুন প্রস্তাবনা।

এনএন/ ২৮ এপ্রিল ২০২৬



Explore More Districts