যুদ্ধবিরতি শেষের আগেই ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র ও ইরান – DesheBideshe

যুদ্ধবিরতি শেষের আগেই ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র ও ইরান – DesheBideshe



যুদ্ধবিরতি শেষের আগেই ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র ও ইরান – DesheBideshe

তেহরান, ১৪ এপ্রিল – ১৪ দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই পুনরায় সরাসরি সংলাপে বসার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। ইতোমধ্যে এই বিষয়ে দুই দেশের সরকারি কর্মকর্তাদের মধ্যে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দ্বিতীয় দফার আলোচনার জন্য পাকিস্তানের রাজধানী ইসলামাবাদকেই বেছে নিতে চাইছে উভয় পক্ষ।

গত ১১ এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম বৈঠকটি ব্যর্থ হলেও দুই দেশের কর্মকর্তারাই কূটনৈতিক চ্যানেল সচল রাখতে আগ্রহী। ব্লুমবার্গের প্রতিবেদন প্রকাশের পর পাকিস্তানের কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, তারা নিয়মিত উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে দেশ দুটির মধ্যকার বিরোধ নিষ্পত্তির চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে গত দুই দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বিরাজ করছে। এই ইস্যুগুলোতে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ২১ দিন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ চললেও তা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এর পরপরই ২৮ ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি নামে সামরিক অভিযান শুরু করে মার্কিন সামরিক বাহিনী। একই সময়ে ইসরায়েলও অপারেশন রোয়ারিং লায়ন নামে ইরানে হামলা চালায়।

এই যুদ্ধের প্রথম দিনেই ইরানের ৩৭ বছরের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হন। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা প্রাণ হারান। পরবর্তীতে কূটনৈতিক পন্থায় উত্তেজনা প্রশমনের লক্ষ্যে যুদ্ধের ৩৯তম দিনে ৭ এপ্রিল একটি সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। সেই ধারাবাহিকতায় ১১ এপ্রিল ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসেন। তবে ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনা শেষে কোনো ধরনের চুক্তি ছাড়াই বৈঠকটি শেষ হয়েছিল।

এখন যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই দ্বিতীয় দফায় সংকট সমাধানের পথ খুঁজছে উভয় দেশ।

এনএন/ ১৪ এপ্রিল ২০২৬



Explore More Districts