
ওয়াশিংটন, ১৪ জুন – যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আজ রবিবার একটি চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চুক্তি স্বাক্ষরের এই সময়সূচি নিয়ে এরই মধ্যে সংশয় প্রকাশ করেছে ইরান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, এই চুক্তি কার্যকর হলে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে।
এই আলোচনায় মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তান জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে চুক্তিটি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারা ইলেকট্রনিক স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে।
তবে ট্রাম্পের এই ঘোষণার পর শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানান, সমঝোতা স্মারক স্বাক্ষরের সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে নিশ্চিত হতে আরও অপেক্ষা করতে হবে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, চুক্তিটি রবিবার সই হচ্ছে না।
ট্রাম্প তার পোস্টে আরও দাবি করেন, চুক্তি সই হওয়ার পরপরই হরমুজ প্রণালি উন্মুক্ত হবে। এছাড়া ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত প্রসঙ্গে তিনি জানান, পরিস্থিতি শান্ত হলে সেখান থেকে নিউক্লিয়ার ডাস্ট সংগ্রহ করে পরবর্তীতে তা ধ্বংস করা হবে।
এস এম/ ১৪ জুন ২০২৬





