
ঢাকা, ১২ ফেব্রুয়ারি – রাজধানীর যাত্রাবাড়ীতে ভোট দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে আলী আবু সাঈদ সরকার নামের এক সাবেক মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে যাত্রাবাড়ীর অগ্রদূত বিদ্যা নিকেতন স্কুলে এই ঘটনা ঘটে। ৫৩ বছর বয়সী এই ব্যক্তি ভোটকেন্দ্রের সিঁড়িতে ওঠার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মৃত আলী আবু সাঈদ সরকার সাভারের প্রয়াত আবুল হোসেনের ছেলে। তিনি পরিবার নিয়ে ঢাকার মানিকনগরে বসবাস করতেন এবং দুই সন্তানের জনক ছিলেন। বৃহস্পতিবার সকালে স্ত্রী প্রীতি ইসলাম পারভীনকে বাসায় রেখে ছোট ছেলে ফয়সাল ইসরাককে সঙ্গে নিয়ে তিনি ভোট দিতে গিয়েছিলেন। কেন্দ্রের চতুর্থ তলায় ওঠার সময় সিঁড়িতে তিনি অচেতন হয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে ছেলে ও অন্যদের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী প্রীতি ইসলাম পারভীন জানিয়েছেন, তার স্বামী হার্টের রোগী ছিলেন এবং এর আগে একবার স্ট্রোকেও আক্রান্ত হয়েছিলেন। তিনি নিয়মিত চিকিৎসকের পরামর্শ মেনে চলছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এস এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬



