
ঢাকা, ০৪ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন (ইসি) প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। ইসির দেওয়া তথ্য অনুযায়ী, সারাদেশের ৩০০টি আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই করে মোট ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশন থেকে এই তালিকা প্রকাশ করা হয়।
ইসি জানিয়েছে, এবারের নির্বাচনে মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছিল মোট ৩ হাজার ৪০৬টি, আর এসবের বিপরীতে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ২ হাজার ৫৬৮ জন প্রার্থী।
যাচাই-বাছাই শেষে অঞ্চল বা বিভাগভিত্তিক বৈধ প্রার্থীর সংখ্যা জানানো হয়েছে। ঢাকা অঞ্চলে ৩০৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে এবং সেখানে ১৩৩টি মনোনয়নপত্র বাতিল হয়েছে।
চট্টগ্রাম অঞ্চলে ১৩৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, আর ৫৬টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। রাজশাহী অঞ্চলে ১৮৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ পাওয়া গেছে এবং ৭৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।
খুলনা অঞ্চলে ১৯৬ জন প্রার্থী বৈধতা পেয়েছেন এবং ৭৯ জন প্রার্থী অবৈধ হয়েছেন। বরিশাল অঞ্চলে ১৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে, আর ৩১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
সিলেট অঞ্চলে ১১০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে এবং ৩৬ জনের মনোনয়ন বাতিল হয়েছে। ময়মনসিংহ অঞ্চলে ১৯৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ পাওয়া গেছে, আর বাতিল হয়েছে ১১২ জনের।
কুমিল্লা অঞ্চলে ২৫৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে এবং ৯৭ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। রংপুর অঞ্চলে ২১৯ জন প্রার্থী বৈধতা পেয়েছেন, সেখানে ৫৯ জনের মনোনয়ন বাতিল হয়েছে। ফরিদপুর অঞ্চলে ৯৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং ৪৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।
নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, যাচাই-বাছাই প্রক্রিয়ায় মোট ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনের তিনটি মনোনয়নপত্র কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই কার্যক্রম শেষ করা হয়েছে।
এই প্রকাশিত ফলাফলের বিষয়ে কোনো প্রার্থীর আপত্তি থাকলে নির্ধারিত সময়ের মধ্যে তারা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিল শুনানি শেষে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা পরিবর্তিত হতে পারে বলেও জানিয়েছে ইসি।
এনএন/ ০৪ জানুয়ারি ২০২৬



