যশোর-৫ ও ৬ আসনে নির্বাচনী দৌড়ে ছিটকে পড়লেন জাপা ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা

যশোর-৫ ও ৬ আসনে নির্বাচনী দৌড়ে ছিটকে পড়লেন জাপা ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের আরও দুটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ছয় প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে যশোর-৫ (মণিরামপুর) ও যশোর-৬ (কেশবপুর) আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান। যাচাই-বাছাই শেষে সাত প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, যশোর-৫ (মণিরামপুর) আসনে মনোনয়নপত্র জমা দেওয়া আট প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়ন বৈধ ও চারজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন— বিএনপি মনোনীত রশীদ আহমাদ, জামায়াতে ইসলামীর গাজী এনামুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের জয়নাল আবেদীন এবং স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।
এ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এম এ হালিমের মনোনয়নপত্র অসম্পূর্ণ থাকায় বাতিল করা হয়। এছাড়া এক শতাংশ ভোটার তালিকায় ত্রুটির কারণে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান, এবিএম গোলাম মোস্তফা ও নজরুল ইসলামের মনোনয়ন বাতিল হয়েছে।

যশোর-৬ (কেশবপুর) আসনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে তিনজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন বিএনপির আবুল হোসেন আজাদ, জামায়াতে ইসলামীর মোক্তার আলী এবং এবি পার্টির মাহমুদ হাসান।

এ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জি এম হাসানের মনোনয়নপত্র ত্রুটিপূর্ণ হওয়ায় এবং দলীয় অঙ্গীকারনামায় সাক্ষীর স্বাক্ষর না থাকায় বাতিল করা হয়। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শহিদুল ইসলামের মনোনয়ন ব্যাংক ঋণখেলাপি হওয়ায় বাতিল করা হয়েছে।

Explore More Districts