যশোর সীমান্তে ৭ লাখ ৬৩ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

যশোর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, কম্বল, ফুচকা, জিরা, কিসমিস, চকলেট ও কসমেটিকসসহ প্রায় ৭ লাখ ৬৩ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩১ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ভারতীয় ৬৯টি শাড়ি, ৩টি কম্বল, ৫০ প্যাকেট ফুচকা, ৪ কেজি জিরা, ২ কেজি কিসমিস, ৫৪২টি চকলেট এবং ৩১৩টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দ করা এসব চোরাচালানি মালামালের আনুমানিক মূল্য ৭ লাখ ৬৩ হাজার ৩৫০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্র আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Explore More Districts