যশোর শহরের রেলগেট এলাকায় পূর্বশত্রুতার জেরে জিসান (২৩) নামে এক যুবককে চাকু দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে শহরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত জিসান যশোর শহরের চাচড়া রায়পাড়া এলাকার সাইফুদ্দিনের ছেলে। এ ঘটনায় কাকন (২৯) নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তিনি রেলগেট এলাকার কবির হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে,পূর্বশত্রুতার জেরে কাকন চাকু দিয়ে জিসানের নিতম্ব ও হাতের তালুতে আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে জিসান হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

