যশোর পৌরসভার কোরবানির বর্জ্য দুপুর ১টা থেকে বিকেল ৪টার মধ্যে পরিষ্কারের নির্দেশ

যশোর পৌরসভার কোরবানির বর্জ্য দুপুর ১টা থেকে বিকেল ৪টার মধ্যে পরিষ্কারের নির্দেশ

শহিদ জয়,যশোর: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যশোর পৌরবাসীকে শুভেচ্ছা জানিয়ে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে বিশেষ নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানিয়েছেন, ঈদের দিন দুপুর ১টা থেকে বিকেল ৪টার মধ্যে কোরবানির সব বর্জ্য পরিষ্কার করা হবে। একই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নিজের তহবিল থেকে ১ লাখ টাকা প্রণোদনা দেওয়ার ঘোষণা দেন তিনি।
বুধবার (২৭ মে) সকাল ১১টায় যশোর পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশনা ও ঘোষণা দেন।

পৌরসভার প্রশাসক মো. রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। এছাড়া বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী, নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু, সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ, যশোর নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম ও পৌর কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুদুল বাড়ি কাক্কু।

সভায় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত পৌরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, পৌরসভা কর্তৃক নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও কোরবানির পশু জবাই না করতে। তিনি পশুর রক্ত ও বর্জ্য ড্রেন, পুকুর, ডোবা, নদীনালা কিংবা উন্মুক্ত স্থানে না ফেলার অনুরোধ জানান। নির্ধারিত স্থানে কোরবানি নিশ্চিত করতে প্রয়োজনীয় ডেকোরেশন, পানির ব্যবস্থা ও দ্রুত বর্জ্য অপসারণের আশ্বাসও দেন তিনি।

তিনি আরও বলেন, জবাইকৃত পশুর গোশত পরিবেশবান্ধব ব্যাগ বা পাত্রে বিতরণ এবং পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণের বিষয়ে সচেতন হতে হবে। পৌরসভা নির্ধারিত ডাস্টবিনে বর্জ্য রাখতে সকলকে অনুরোধ জানানো হয়।
এদিকে যশোর পৌরসভা নগরীর বিভিন্ন ওয়ার্ডে কোরবানির পশু জবাইয়ের জন্য নির্ধারিত স্থান ঘোষণা করেছে। এসব স্থানে প্রয়োজনীয় সহায়তা দিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, পানিশাখার সুপারভাইজার ও ইন্সপেক্টরদের একাধিক মোবাইল নম্বরও প্রকাশ করা হয়েছে।

পৌর কর্তৃপক্ষ নগরবাসীকে নির্ধারিত স্থানে শতভাগ কোরবানি নিশ্চিত করে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শহর গঠনে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

Explore More Districts