যশোরের চৌগাছায় পূর্ব শত্রুতার জেরে আব্দুল জব্বার (৫০) নামে এক ব্যক্তিকে দা দিয়ে মারধর করে দুই হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার বুন্দীতলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত আব্দুল জব্বার ওই গ্রামের আব্দুল খালেক বিশ্বাসের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের রিঙ্কু (৪৫), রিপন (৪০) ও তাদের বাবা রমজান (৬৫)-এর সঙ্গে জব্বারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা দা-এর উল্টো পাশ দিয়ে জব্বারকে মারধর করেন। এতে তার দুই হাতে গুরুতর আঘাত লাগে ও হাড় ভেঙে যায়।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

