যশোরের চৌগাছা উপজেলায় নির্বাচনকালীন দায়িত্ব পালনকারী পিকআপ ও আলমসাধু চালকরা তাদের নির্ধারিত খোরাকী ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধনের ঘোষণা দিয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার লাইট মোড় চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালনের কথা রয়েছে।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে তিন দিনের জন্য বিভিন্ন নির্বাচনী সামগ্রী পরিবহনে পিকআপ ও আলমসাধু ভাড়া করা হয়। সংশ্লিষ্ট চালকদের অভিযোগ, নির্ধারিত খোরাকী ভাতা পরিশোধ না করে কাউকে ৫০০ টাকা ও কাউকে ১ হাজার টাকা প্রদান করা হয়েছে, যা চুক্তিকৃত টাকার চেয়ে কম।
চালকদের দাবি,সম্পূর্ণ খোরাকী ভাতা পরিশোধ না করা হলে তারা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করতে পারেন। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


