নড়াইলের চাঞ্চল্যকর মানসিক প্রতিবন্ধী আনোয়ার হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান দুই পলাতক আসামিকে যশোর ও ফরিদপুরে পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র্যাব-৬।
র্যাব জানায়, শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় র্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের ঝিকরগাছা উপজেলার মিশ্রী দয়ারা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি অপূর্বকে গ্রেফতার করে। তিনি নড়াইল সদর উপজেলার উত্তর খলিশাখালী গ্রামের অনাধির ছেলে।
একই দিন রাত ১০টার দিকে র্যাব-৬-এর সদর কোম্পানির (ভাটিয়াপাড়া ক্যাম্প) একটি দল ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জয়পাশা এলাকায় অভিযান চালিয়ে একই মামলার আসামি প্রসেনজিৎ (২৫)-কে গ্রেফতার করে। তিনি উত্তর খলিশাখালী গ্রামের নিভাসের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, নিহত আনোয়ার হোসেন (৩২) একজন মানসিক প্রতিবন্ধী ছিলেন। গত ২৫ জুন গভীর রাতে তাকে চোর সন্দেহে প্রসেনজিতের বাড়ির সামনে একটি গাছের সঙ্গে বেঁধে কয়েকজন মিলে নির্মমভাবে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গত ২ জুলাই সকালে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই গোলাম নবীর হোসেন নড়াইল সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের অংশ হিসেবে র্যাব অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে।



