যশোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগে মামলা

যশোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগে মামলা

যশোরে সাংবাদিক হাসিবুর রহমান শামীমকে মারধর, প্রাণনাশের হুমকি ও চাঁদা চাওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার যশোর জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হলে আদালত যশোর ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দেন।

মামলার আসামি করা হয়েছে বাঘারপাড়া উপজেলার এম জিহাদ আলী ও মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাফসান জানিকে। বাদী হাসিবুর রহমান শামীম নিজেকে এশিয়ান টিভির যশোর প্রতিনিধি, অনলাইন নিউজ পোর্টাল ‘স্বাধীন কণ্ঠ’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচারের খুলনা বিভাগীয় প্রধান হিসেবে পরিচয় দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, ডা. রাফসান জানির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রয়েছে। এ ঘটনায় সংবাদ প্রকাশের পর অভিযুক্তরা সাংবাদিকদের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে সাংবাদিক শামীম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ষণের বিরুদ্ধে একটি পোস্ট দিলে গত ১৭ এপ্রিল রাতে আসামিরা তার বাড়িতে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

এদিকে, পুলিশ জানিয়েছে ধর্ষণ মামলার পর থেকেই ডা. রাফসান জানি পলাতক রয়েছেন।

স্থানীয় সাংবাদিকরা অভিযোগ করেছেন, ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতেই সাংবাদিকদের ভয়ভীতি ও মামলার মাধ্যমে চাপ প্রয়োগের চেষ্টা করা হচ্ছে।

Explore More Districts