যশোরে সপ্তম শ্রেণির ছাত্রীকে মুখ চেপে অপহরণ, অভিযুক্ত যুবক ময়মনসিংহের বাসিন্দা

যশোরে সপ্তম শ্রেণির ছাত্রীকে মুখ চেপে অপহরণ, অভিযুক্ত যুবক ময়মনসিংহের বাসিন্দা

যশোর শহরের একটি প্রিক্যাডেট স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৩) মুখ চেপে প্রকাশ্যে অপহরণের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত যুবক আব্দুর রহিম (২৩), ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আকনপাড়ার মোহাম্মদ মাহফুজের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, স্কুলে যাতায়াতের পথে ওই ছাত্রীর পিছু নিত ও উত্যক্ত করত রহিম। আজেবাজে কথা বলাসহ নানা প্রলোভন দেখিয়ে হয়রানি করত সে। বিষয়টি ছাত্রীর পরিবার জানতে পারলে রহিমকে সতর্ক করে। তবে সে তাতে কর্ণপাত না করে উল্টো ষড়যন্ত্রে লিপ্ত হয়।

গত ২৫ মে (রবিবার) সকাল সাড়ে ৮টার দিকে স্কুলের সামনে ওৎ পেতে থাকা রহিম ও তার সঙ্গে থাকা আরও ২/৩ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ছাত্রীটির মুখ চেপে ধরে অপহরণ করে। পরবর্তীতে ছাত্রীর পিতা রহিমের মোবাইলে যোগাযোগ করলে সে জানায়, মেয়েটি তার কাছেই আছে এবং এ বিষয়ে বাড়াবাড়ি করলে হুমকি দেয়। নানা তালবাহানার পরও মেয়েকে ফেরত না পাওয়ায় থানায় মামলা করেন ছাত্রীটির পিতা।

Explore More Districts