যশোরে এক ব্যবসায়ীকে আটকে রেখে চাঁদাবাজির অভিযোগে এক নারীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক বৃষ্টি চাঁচড়া বাজার এলাকার ফজলুর রহমানের মেয়ে। এ ঘটনায় কোতোয়ালি থানায় একই এলাকার ভগো মিস্ত্রির ছেলে স্বাধীন ও বৃষ্টির বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলাটি করেছেন সাতক্ষীরা জেলার কেরালকাতা দরবাসা গ্রামের মিজানুর রহমান। শুক্রবার দিবাগত রাত ২ টারদিকে নিজ বাড়ি থেকে বৃষ্টিকে আটক করা হয়েছে।
মামলায় মিজানুর উল্লেখ করেন,বৃষ্টি তার পূর্বপরিচিত। শুক্রবার সকালে মোবাইল ফোনে তাকে যশোরে আসতে বলেন। পরে তাকে নিয়ে যাওয়া হয় স্বাধীনের বাড়িতে। সেখানে যাওয়া মাত্রই স্বাধীনসহ আরও কয়েকজন তাকে চাকু ধরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ সময় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে মারধর করে তার কাছে থাকা নগদ আট হাজার ৮৮০ টাকা নিয়ে নেয়।
একই সঙ্গে তার ব্যবহৃত মোবাইল ফোন ও অ্যাপাচি মোটরসাইকেল নিয়ে চাঁচড়া মোড়ে নিয়ে একটি বাসে তুলে দেওয়া হয়। এ সময় বলা হয়, এ নিয়ে ঝামেলা করলে ধর্ষণ মামলায় ফাঁসানো হবে। পরে মিজানুর বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ রাতেই বৃষ্টিকে আটক করে। অন্যদিকে এ মামলার আরেক আসামি স্বাধীনকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তদন্ত কর্মকর্তা এসআই তাহমুদুল ইসলাম।



